নির্বাচনী জোট: বাংলায় মিমের হাত ধরলেন হুমায়ুন কবীর

নির্বাচনী জোট: বাংলায় মিমের হাত ধরলেন হুমায়ুন কবীর

আসন্ন বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর সাথে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। বুধবার সকালে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ওয়েইসিকে ‘বড় ভাই’ সম্বোধন করে এই রাজনৈতিক ঐক্যের ডাক দেন তিনি। মঙ্গলবার রাতে দমদম বিমানবন্দরে মিম প্রধানকে স্বাগত জানানোর পর থেকেই এই জোট নিয়ে জল্পনা তুঙ্গে ছিল।

হুমায়ুন কবীর জানিয়েছেন, তাঁর দল রাজ্যের ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে ইতিমধ্যেই ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রসহ মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা আসন থেকে তিনি নিজে লড়াই করবেন। আগামী ১ এপ্রিল ভরতপুরে বিশাল সমাবেশের মাধ্যমে এই জোটের নির্বাচনী প্রচার অভিযান শুরু হতে চলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুসলিম ভোটব্যাংক নিজেদের অনুকূলে আনতেই হুমায়ুনের এই কৌশল। বিশেষ করে বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গকে সামনে রেখে তিনি ভোটারদের আবেগ টানতে মরিয়া। তবে বিরোধীরা এই জোটকে শাসকদলের ভোট কাটাকাটির রাজনীতি হিসেবে দেখছেন। মিম ও আম জনতা উন্নয়ন পার্টির এই সমীকরণ রাজ্যের নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *