নির্বাচনী প্রচারে ঝড় তুলতে নন্দীগ্রামে অভিষেক, নজরে শুভেন্দুর গড়

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজিয়ে মঙ্গলবার থেকে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১২ বছরের প্রথা মেনে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভার মাধ্যমে তিনি নির্বাচনী অভিযান শুরু করবেন। এর আগে স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয়’-এর সূচনায় নন্দীগ্রামে গেলেও, এবার সরাসরি ভোট চাইতে বুধবার শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে পা রাখছেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
বুধবার নন্দীগ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়েও অভিষেকের একাধিক কর্মসূচি রয়েছে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে দক্ষিণবঙ্গ থেকেই নিজের প্রচার সরণি প্রশস্ত করছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুর থেকে প্রচার শুরু করার পরদিনই ময়দানে নামছেন অভিষেক, যা রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নন্দীগ্রামে এবার শুভেন্দু-ঘনিষ্ঠ প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মূলত হিন্দু ভোটব্যাঙ্কে থাবা বসাতেই পবিত্রকে তুরুপের তাস করা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। গত নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর, এবার বুধবারে অভিষেকের এই সফর এবং জনসভা নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।