নির্বাচনী প্রচারে দেবের মেগা রোড শো: আমডাঙা থেকে নৈহাটিতে জনজোয়ার

নির্বাচনী প্রচারে দেবের মেগা রোড শো: আমডাঙা থেকে নৈহাটিতে জনজোয়ার

তৃণমূল প্রার্থীদের সমর্থনে শুক্রবার আমডাঙা, নৈহাটি ও জগদ্দল বিধানসভা কেন্দ্রে ঝোড়ো প্রচার চালালেন তারকা সাংসদ দেব। আমডাঙার প্রার্থী কাশেম সিদ্দিকির সমর্থনে দত্তপুকুর জয়পুল থেকে স্টেশন সংলগ্ন মাঠ পর্যন্ত আয়োজিত রোড শো-তে মানুষের ঢল নামে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রিয় তারকাকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ, যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হেলিকপ্টারে চেপে বিকেল নাগাদ নৈহাটির পলাশী মাঝিপাড়ায় পৌঁছান দেব। সেখানে তৃণমূল প্রার্থী সনৎ দের সমর্থনে বিশাল মিছিলে অংশ নেন তিনি। মাত্র তিন কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লাগে। হুডখোলা জিপে চড়ে দেব সাধারণ মানুষকে অভিনন্দন জানান। এরপর জগদ্দলের প্রার্থী সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে মামুদপুরে প্রচার কর্মসূচিতে যোগ দেন তিনি।

প্রচার চলাকালীন দেব উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে কেন্দ্রীয় রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বাংলা তথা বাঙালিদের স্বার্থ রক্ষায় তৃণমূলকে শক্তিশালী করা প্রয়োজন। দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে সংহতির বার্তা দেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *