নির্বাচনী প্রচারে ধর্মের রাজনীতি রুখতে হুঙ্কার অনুব্রত মণ্ডলের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমের মুরারইয়ে এক বিশাল জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। এসআইআর ও এনআরসি ইস্যুতে সরব হয়ে তিনি স্পষ্ট জানান, বাংলায় ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সব ধর্মের মানুষের পাশে রয়েছে এবং বাংলা থেকে কাউকেই বিতাড়িত হতে দেওয়া হবে না বলে তিনি জোরালো হুঁশিয়ারি দেন।
এদিন মুরারই ২ নম্বর ব্লকের পাইকরের হাজরা মাঠে আয়োজিত সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বিরোধী শিবিরের সমালোচনা করে অনুব্রত বলেন, বিহার বা দিল্লির মতো পরিস্থিতি বাংলায় হবে না। সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেন। পাশাপাশি এনআরসি কার্যকর করা নিয়ে প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্নিশ্চিত করেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।
জনসভা শেষে মুরারইয়ের মহুরাপুর অঞ্চল থেকে প্রায় ১০০ জন সিপিআইএম কর্মী অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগত কর্মীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প এবং ভূমিহীন কৃষকদের প্রতি রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি দেখেই তারা ঘাসফুল শিবিরে সামিল হয়েছেন। নির্বাচনের আগে এই দলবদল স্থানীয় রাজনৈতিক সমীকরণে তৃণমূলকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।