নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, বর্ধমান দক্ষিণে তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে সরকারি সম্পত্তি ব্যবহার করে প্রচার চালানোর অভিযোগ তুলেছে বিজেপি। মূলত শহরের কার্জনগেট সংলগ্ন পুরসভার টয়লেট বিল্ডিংয়ের ছাদে থাকা জায়ান্ট স্ক্রিনে প্রার্থীর বিজ্ঞাপন প্রদর্শনকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। ঘটনার প্রেক্ষিতে শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের দাবি, কার্জনগেট ছাড়াও বীরহাটা ও বড়নীলপুর মোড়ে একইভাবে সরকারি পরিকাঠামো ব্যবহার করে বেআইনিভাবে প্রচার চালানো হচ্ছে। এমনকি বিএসএনএল ভবনের দেওয়ালে সরকারি প্রকল্পের ডিসপ্লে বোর্ড রাখা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী।
এই অভিযোগ প্রসঙ্গে জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন লঙ্ঘনের প্রমাণ মিললে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি সম্পত্তি ব্যবহারের এই গুরুতর অভিযোগ নিয়ে তৃণমূল প্রার্থী খোকন দাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের মুখে এই প্রচার বিতর্ককে কেন্দ্র করে বর্তমানে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।