নির্বাচনী বিধি ভেঙে নগদ ৯০ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে পুরুলিয়ায় আটক ঠিকাদার
.webp?w=1920&resize=1920,1080&ssl=1)
রাজ্যে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হতেই কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে পুরুলিয়া-ধানবাদ জাতীয় সড়কের মাগুড়িয়া মোড়ে নাকা চেকিং চলাকালীন এক ব্যক্তির কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যথাযথ নথি ছাড়া বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে টাকাটি বাজেয়াপ্ত করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নজরদারি চালাতে গিয়েই এই সাফল্য পেল প্রশাসন।
আটক ব্যক্তির নাম অমর পাণ্ডে। তিনি পেশায় একজন ঠিকাদার এবং পুরুলিয়ার রুদ্র গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়িতে করে যাওয়ার সময় তাঁর কাছে ওই টাকা পাওয়া যায়। তবে নির্বাচনী আবহে ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা জানতেন না বলে দাবি করেছেন ওই ব্যক্তি। বাজেয়াপ্ত করা টাকা নিয়ে আপাতত তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন ও জেলা পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরা।
ঠিকাদার অমর পাণ্ডের দাবি, সাইটের কাজের জন্য এবং শ্রমিকদের বেতন মেটাতেই তিনি নগদ টাকা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পেট্রোল পাম্পের বকেয়া ৫০ হাজার টাকা এবং শ্রমিকদের জন্য ২০ হাজার টাকা খরচ হওয়ার কথা ছিল। শ্রমিকদের অনলাইন লেনদেনের সুবিধা না থাকায় তিনি ক্যাশ টাকা নিয়ে যাচ্ছিলেন। নিয়ম না জানায় বিপাকে পড়লেও, কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন যে আইন মেনে পরবর্তীতে তিনি এই টাকা ফেরত পেতে পারেন।
নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের আধিকারিক অজয় সিং জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম ভেঙে ৯০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে টাকাটি সিজ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভোট পরিস্থিতিতে টাকা বা অন্য কোনো উপঢৌকনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা রুখতে শহর ও জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় দিনরাত নাকা চেকিং চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।