নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল, কলকাতার নতুন নগরপাল অজয় কুমার নন্দ

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশ প্রশাসনে আমূল পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সোমবার কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার অজয় কুমার নন্দকে নতুন নগরপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে ১৯৯২ ব্যাচের অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক এই রদবদলে আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। পাশাপাশি, কারা দপ্তরের নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন নটরাজন রমেশ বাবু। ভোট ঘোষণার পরপরই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরানোর পর পুলিশের এই শীর্ষস্তরের রদবদল কমিশনের কঠোর মনোভাবেরই বহিঃপ্রকাশ।
কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩টের মধ্যেই নবনিযুক্ত কর্মকর্তাদের কাজে যোগ দিতে হবে। অপসারিত আধিকারিকদের নির্বাচনের কোনো প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে রবিবার রাতেই রাজ্যের মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্রসচিব পদে সংঘমিত্রা ঘোষকে স্থলাভিষিক্ত করেছিল কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।