নির্বাচনের মুখে বাংলা-আসাম সীমান্তে টাকার পাহাড় উদ্ধার! ৩টি গাড়ি থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ নগদ টাকা

ভোটের দামামা বাজতেই বাংলা-আসাম সীমান্তে নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পড়ল নোটের পাহাড়। বক্সিরহাট থানার জোড়াই মোড় ও সংকোশ নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে তিনটি গাড়ি থেকে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকারও বেশি নগদ উদ্ধার করেছে পুলিশ ও এসএসটি টিম। কোনো বৈধ নথি দেখাতে না পারায় আসাম ও বাংলার বাসিন্দা মিলিয়ে মোট ৩ জনকে আটক করা হয়েছে।
রবিবার রাতে আসাম থেকে বাংলায় প্রবেশের সময় একটি গাড়ি থেকে ৫৭ হাজার ৭০০ টাকা এবং অপর একটি গাড়ি থেকে ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়। সোমবার সকালে ফের একটি গাড়ি থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে প্রশাসন। বিধানসভা নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অর্থ ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। কয়েকদিন আগেই আলিপুরদুয়ার ও কলকাতা থেকেও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছিল, যার ফলে রাজ্যজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।