নির্বাচনে বুথ দখল ও অশান্তি রুখতে এডিজি-র কড়া বার্তা, বর্ধমানে হাইভোল্টেজ বৈঠক

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রবিবার বর্ধমানে ডিআইজি এবং এসপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি বিশাল গর্গ। বৈঠকে তিনি স্পষ্ট জানান, নির্বাচন হবে সম্পূর্ণ হিংসামুক্ত এবং কোনোভাবেই বুথ দখল বা জাল ভোট বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের মন থেকে ভয় দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তোলাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।
নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে রাজ্যে ইতিমূর্তেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জনগণের মনোবল বাড়াতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে রুট মার্চ এবং নাকা চেকিং। এছাড়া এসটিএফ-কেও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এডিজি গর্গ সাফ জানিয়েছেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা গোলযোগের খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
অন্যদিকে, ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজাও তত তীব্র হচ্ছে। বিজেপি প্রার্থী মৌমিত বিশ্বাস মিশ্র পুলিশি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন। পাল্টা জবাবে তৃণমূল প্রার্থী খোকন দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে, রাজ্যে সর্বদা শান্তিপূর্ণ ভোট হয়। রাজনৈতিক উত্তাপের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর প্রশাসন।