নির্বাচন আবহে সিভিক ভলান্টিয়ারদের বোনাস ঘোষণা নিয়ে এবার নড়েচড়ে বসল কমিশন
March 20, 20267:16 am

রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার পরপরই সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত বৃহস্পতিবার প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কর্মরত প্রত্যেক সিভিক ভলান্টিয়ারকে ৭,৪০০ টাকা করে বোনাস দেওয়া হবে। সরকারের এই আকস্মিক আর্থিক ঘোষণার পরেই বিষয়টি নিয়ে নবান্নের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় কেন এই বিশেষ বোনাস ঘোষণা করা হলো, মূলত সেই কৈফিয়ত পেতেই কমিশনের এই পদক্ষেপ। নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।