নির্বাচন কমিশনারকে কড়া বার্তা মমতার, ‘মে মাসের পর চেয়ার থাকবে তো?’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি কমিশনারের কঠোর নির্দেশের সমালোচনা করে বলেন, “সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নয়।” রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও মদের বিরুদ্ধে অবিলম্বে অভিযানের যে নির্দেশ কমিশন দিয়েছে, তাকে কার্যত হুমকি হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, নির্বাচনের পর মে মাসে জ্ঞানেশ কুমার নিজে তাঁর পদে আসীন থাকবেন কি না। সাম্প্রতিক অশান্তি ও মৃত্যুর ঘটনায় কমিশনের নীরবতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, ভোটের আগে রাজ্য প্রশাসনের ওপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
অন্যদিকে, কমিশন সূত্রে খবর, বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট-পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছেন, হিংসা রোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদেরই দায় নিতে হবে। নির্বাচনের আগে কমিশনের এই কড়া অবস্থান এবং মুখ্যমন্ত্রীর পাল্টা হুঁশিয়ারিতে রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।