নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রক্রিয়ায় জোর কদমে নামল তৃণমূল

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রক্রিয়ায় জোর কদমে নামল তৃণমূল

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগেই এই বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার মধ্যরাতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমপিচমেন্টের জন্য প্রয়োজনীয় তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করতে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষরের প্রয়োজন হয়। বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের হাতে রয়েছে ৪১ জন সাংসদ। ফলে এই লক্ষ্য পূরণে আরও ৫৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত দলগুলি এবং অন্যান্য সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির দ্বারস্থ হচ্ছে তৃণমূল। চলতি সপ্তাহের শেষ দিকেই সংসদে এই প্রস্তাব পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।

এই প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিরোধী শিবিরে নিজেদের রণকৌশল স্পষ্ট করতে চাইছে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলি এই প্রস্তাবে স্বাক্ষর করলে জোটে তৃণমূলের গুরুত্ব যেমন বাড়বে, তেমনই কেউ স্বাক্ষর না করলে তাদের বিজেপি বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে ঘাসফুল শিবির। উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল যে সক্রিয়তা দেখিয়েছে, তা অন্য কোনও বিরোধী দলের মধ্যে সেভাবে দেখা যায়নি। কমিশনের সদর দফতরে গিয়ে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে আইনি লড়াই—সবক্ষেত্রেই তৃণমূল নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে। এখন বাকি বিরোধী দলগুলি এই ইমপিচমেন্ট প্রস্তাবে কতটা সাড়া দেয়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *