নির্বাচন কমিশনের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, আজ রাত ৯টায় মিলবে অনলাইনে

রাজ্য নির্বাচন কমিশন আজ দ্বিতীয় দফার অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ করতে চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত ৯টার মধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হবে।
কমিশন সূত্রে খবর, আজ শুধুমাত্র অনলাইনেই এই তালিকা দেখা যাবে, যার প্রিন্ট কপি আগামীকাল পাওয়া যাবে। এই তালিকায় নাম সংযোজন ও বিয়োজন—উভয় তথ্যই থাকবে। বিকেল ৪টে পর্যন্ত প্রায় ২৯ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে ই-সাইন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কতজনের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পেল, তা সার্ভারে আপলোড হওয়ার পরেই স্পষ্ট হবে।
কালিম্পং, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো জেলাগুলোতে সিংহভাগ আবেদনের কাজ শেষ হয়েছে। বর্তমানে ৭০৫ জন জুডিশিয়াল অফিসার হাইকোর্টের নির্দেশিকা মেনে এই কাজ সম্পন্ন করছেন। যেসব বুথে কাজ শেষ হয়েছে, সেখানে তালিকা টাঙানোর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া, নির্বাচনী পরবর্তী ধাপের জন্য ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ গঠনে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশন।