নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: সিসিটিভি সুপারভাইজারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক

নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: সিসিটিভি সুপারভাইজারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে শতভাগ সিসিটিভি নজরদারি ও ওয়েব কাস্টিং নিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা (এসওপি) জারি করা হয়েছে। এই প্রক্রিয়ায় যুক্ত ক্যামেরা সরবরাহকারী সংস্থার সুপারভাইজারদের রাজনৈতিক নিরপেক্ষতা যাচাইয়ের পাশাপাশি চরিত্র ও ভাবমূর্তি খতিয়ে দেখতে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকরা সরাসরি এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০টি বুথের জন্য একজন করে সুপারভাইজার নিযুক্ত থাকবেন। ক্যামেরা লাগানো থেকে শুরু করে তা খোলা পর্যন্ত যাবতীয় দায়িত্ব তাঁদের ওপর ন্যস্ত থাকবে। প্রতিটি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি বসানো হবে এবং স্পর্শকাতর বুথগুলিতে প্রয়োজনে অতিরিক্ত ক্যামেরার ব্যবস্থা করা হবে। এছাড়া, প্রতিটি বিধানসভা এলাকায় ক্যামেরার কার্যকারিতা নিরবচ্ছিন্ন রাখতে এবং কারিগরি ত্রুটি এড়াতে একটি করে বিশেষ পর্যবেক্ষণ দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের দুই দিন আগে থেকেই সমস্ত ক্যামেরার কার্যকারিতা পরীক্ষা করা হবে এবং ভোটের আগের দিন কন্ট্রোল রুম থেকে লাইভ রেকর্ডিং পর্যবেক্ষণ করবেন জেলা নির্বাচনী আধিকারিক। একটানা এক ঘণ্টা নিরবচ্ছিন্ন রেকর্ডিং হলে তবেই সেটিকে সফল পরীক্ষা হিসেবে গণ্য করা হবে। সংগৃহীত সমস্ত ভিডিও ফুটেজ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে। জেলা ও রাজ্য স্তরের কন্ট্রোল রুম থেকে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *