নির্বাচন কমিশনের কড়া বার্তা: বিনীত গোয়েলসহ পুলিশ-প্রশাসনকে চরম হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সর্বদলীয় ও প্রশাসনিক বৈঠকের পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠকে এডিজি (আইন-শৃঙ্খলা) বিনীত গোয়েলের প্রেজেন্টেশনের সময় রাজ্যে কেন ‘নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড’ নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিনীত গোয়েলের উত্তর চলাকালীনই তাকে থামিয়ে দিয়ে জ্ঞানেশ কুমার সাফ জানান, গাফিলতি বা কোনো ভুল সহ্য করা হবে না।
এদিন কেবল পুলিশ নয়, রিজার্ভ ব্যাঙ্ক, আবগারি দপ্তর এবং মাদক নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদেরও কড়া সতর্কবার্তা দিয়েছে কমিশন। সীমান্তবর্তী এলাকায় মদের উৎপাদন নিয়ন্ত্রণ ও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আবগারি দপ্তরকে জানানো হয়েছে, মদের উৎপাদন যেন কোনোভাবেই স্বাভাবিকের চেয়ে বেশি না হয়। বিশেষ করে সীমান্ত অঞ্চলে চোরাচালান রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে কমিশনার বলেন, কাজে ত্রুটি দেখলে এমন জায়গায় সরিয়ে দেওয়া হবে যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না।
রবিবার রাতে কলকাতায় পৌঁছানোর পর থেকেই নির্বাচন কমিশনের এই তৎপরতা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভোটার তালিকার চূড়ান্ত পর্যায় এবং প্রশাসনিক প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাই তাদের মূল লক্ষ্য। এখন সবার নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিকে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।