নির্বাচন কমিশনের কাছে বিজেপির ১৮ দফা দাবি, বাংলায় ১-২ দফায় ভোটের প্রস্তাব

নির্বাচন কমিশনের কাছে বিজেপির ১৮ দফা দাবি, বাংলায় ১-২ দফায় ভোটের প্রস্তাব

আগামী বিধানসভা নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করল বিজেপি। সোমবার রাজ্য বিজেপির সহ-সভাপতি তাপস রায় ও শিশির বাজোরিয়া কমিশনের কাছে ১৮ দফা দাবি পেশ করেন। তাঁদের প্রধান দাবি, দীর্ঘ সময় না নিয়ে মাত্র এক বা দুই দফায় দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে। বিজেপি প্রতিনিধিদের মতে, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দুষ্কৃতী ও দলদাস পুলিশকর্মীদের নিয়ন্ত্রণ করা জরুরি।

দাবিপত্রে বিজেপি জানিয়েছে, গত তিনটি নির্বাচনে বিতর্কিত আধিকারিকদের ভোট প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে। এছাড়া, যেসব বুথে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছে, সেগুলিকে ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা বৃদ্ধি, স্থানীয় পুলিশের ওপর নির্ভরতা কমানো এবং বহুতল আবাসনগুলোতে ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছে দলটি। পর্যবেক্ষকদের আগেভাগে নিয়োগ করে এলাকা পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।

ভোটের দিন বুথ পরিচালনায় রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যবহারের দাবি জানানো হয়েছে। বিজেপি প্রস্তাব দিয়েছে, পোলিং অফিসারদের ৫০ শতাংশ হতে হবে কেন্দ্রীয় কর্মী। এছাড়া, প্রতিটি বুথে ওয়েবক্যাম বসানো, চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনী কাজ থেকে বিরত রাখা এবং গণনাকেন্দ্রে কেন্দ্রীয় আধিকারিকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে বিকল ওয়েবক্যামের বুথে পুনর্নির্বাচনের দাবিও তুলেছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *