নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকার আগেই তৃণমূলের খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত

নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা রাখলেও, তার আগেই প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, ২৯৪টি আসনের জন্য প্রাথমিক খসড়া তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আলোচনা, গবেষণা এবং অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটিয়েই এই তালিকা সাজানো হয়েছে বলে জানা গেছে।
কলকাতার ক্ষেত্রে সিংহভাগ বর্তমান বিধায়কই পুনরায় টিকিট পেতে চলেছেন বলে আভাস পাওয়া গেছে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হচ্ছেন। তবে বেহালা এবং শোভন-বৈশাখী-রত্না কেন্দ্রিক আসনগুলো নিয়ে এখনও কিছু জট রয়ে গেছে, যা দলীয় সুপ্রিমোর হস্তক্ষেপে মিটবে বলে আশাবাদী কর্মীরা। পার্থ চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিশ্চিত হলেও তাঁর আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।
গত নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর এবার সেখানে কোনো ‘ভূমিপুত্র’কে প্রার্থী করে আসনটি পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল শিবির। অন্যদিকে, উত্তরবঙ্গের রাজবংশী ও চা শ্রমিকদের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। প্রতিটি আসনেই জয়ের সম্ভাবনা এবং স্থানীয় নেতাদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকাটি প্রস্তুত করা হবে।