নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই অপসারিত রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট প্রক্রিয়া চলাকালীন তাঁরা নির্বাচনী কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। গতকাল বিকেলে দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে।
অপসারিত আধিকারিকদের পরিবর্তে ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিওয়ালাকে নতুন মুখ্যসচিব এবং ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদের আজ দুপুর ৩টের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত নির্বাচন চলাকালীন পুলিশ ও প্রশাসনের নিচুতলায় রদবদল হলেও, মুখ্যসচিব স্তরে এই ধরনের পরিবর্তন বিরল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কমিশনের ঘোষণা অনুযায়ী, এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণ করা হবে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। ২০২১ সালের আট দফার তুলনায় এবারের নির্বাচনে দফার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে, যা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত।