নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ: মমতার কেন্দ্রসহ রাজ্যের ৭৩ রিটার্নিং অফিসার বদলি
/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-2025-08-01-14-25-26.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক রদবদল অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। এবার রাজ্যের মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে (RO) বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরও অন্তর্ভুক্ত। গত ১৯ ও ২৩ মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো ইমেলের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, তালিকায় থাকা সমস্ত অফিসারকে ২৪ মার্চ বিকেল ৫টার মধ্যে তাঁদের নতুন গন্তব্যে পৌঁছাতে হবে। বুধবার, ২৫ মার্চ সকাল ১১টা থেকে তাঁদের বিশেষ প্রশিক্ষণ পর্ব শুরু হবে। এই রদবদলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনায়, যেখানে ১৩ জন অফিসারকে সরানো হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের পুলিশ ও প্রশাসনিক স্তরে একাধিক উচ্চপদস্থ কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভবানীপুরের জন্য সুরজিৎ রায়ের নাম ঘোষণা করা হয়েছে এবং তমলুক ও বিধাননগরেও নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। কমিশনের এই ধারাবাহিক রদবদলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন।