নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত: আপাতত রাজ্যেই থাকছেন ২ আইপিএস অফিসার

নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত: আপাতত রাজ্যেই থাকছেন ২ আইপিএস অফিসার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বড়সড় সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। দুই আইপিএস আধিকারিক মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজাকে আপাতত ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হচ্ছে না। পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সরে এসে কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তাঁরা বাংলাতেই নিজেদের দায়িত্ব পালন করবেন। তবে তালিকার বাকি ১৩ জন আধিকারিককে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তামিলনাড়ু ও কেরালায় নির্বাচনী পর্যবেক্ষকের কাজে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে একাধিক পুলিশ আধিকারিক ও প্রশাসনিক স্তরে রদবদল শুরু করেছে কমিশন। প্রাথমিকভাবে ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে পাঠানোর তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকায় রশিদ মুনির খান, প্রবীণ কুমার ত্রিপাঠি এবং আকাশ মাঘারিয়ার মতো নাম থাকলেও, ২৪ ঘণ্টার ব্যবধানে মুরলীধর শর্মা ও সৈয়দ ওয়াকার রাজার ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রাখা হলো। এই পদক্ষেপ প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন ইতিপূর্বেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং কলকাতা পুলিশ কমিশনারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদের কর্তাদের সরিয়ে দিয়েছে। বিভিন্ন জেলার জেলাশাসক ও রেঞ্জ ডিআইজি বদলের ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছে কমিশন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই এই গণবদলির ঘটনায় ইতিমধেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দুই আইপিএস অফিসারের বদলি স্থগিত রাখার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *