নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মমতা, ভবানীপুরে জয়ের দৃঢ় প্রত্যয়

নেতাজি ইনডোরের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে ‘অমানবিক’ ও ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তিনি জানান, নির্বাচন কমিশন বাংলার গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে সম্প্রতি রাজনৈতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের একাংশ দাবি করছে তিনি ‘এক ভোটে জেতার’ কথা বলেছেন। তবে প্রকৃত তথ্য হলো, তিনি ইংরেজিতে বলেছিলেন, “I’ll win from Bhawanipore, even there is a one vote।” অর্থাৎ, ভোটার তালিকায় কারচুপি হলেও একটি ভোট অবশিষ্ট থাকা পর্যন্ত তাঁর জয়ের প্রতি অটল বিশ্বাস ও ভরসা রয়েছে।
বর্তমানে এই বঞ্চনার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তৃণমূল নেত্রী। দলীয় নেতৃত্ব ও বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনি স্পষ্ট করেছেন যে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় থাকা পর্যন্ত এই আন্দোলন চলবে। সাধারণ ভোটারদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে বাংলার মানুষ ব্যালটেই যোগ্য জবাব দেবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।