নির্বাচন কমিশনের মাঝরাতের তালিকা নিয়ে বিস্ফোরক মমতা, ভোটার তালিকায় ‘উকুন’ বাছার অভিযোগ

নির্বাচন কমিশনের মাঝরাতের তালিকা নিয়ে বিস্ফোরক মমতা, ভোটার তালিকায় ‘উকুন’ বাছার অভিযোগ

নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে কমিশন বিবেচনাধীন ভোটারদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, তা নিয়ে মঙ্গলবার চাকদা ও বনগাঁর সভা থেকে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দিয়েছে। তাঁর ভাষায়, “৬০ লক্ষের মধ্যে উকুনের মতো বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে।” বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে তিনি পক্ষপাতিত্বের ইঙ্গিত দিয়েছেন।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার মাঝরাত পর্যন্ত বিবেচনাধীন ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম তালিকায় উঠেছে। তবে এখনও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম বাদ রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আন্দোলন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার ফলেই ৩২ লক্ষ নাম তালিকায় ফিরেছে। বাকি যাদের নাম এখনও ওঠেনি, তাদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চিন্তা করবেন না, আমরা আপনাদের জন্য ট্রাইব্যুনালে যাব। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না।”

এদিন সভা থেকে বিজেপিকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিজেপি রাজ্যের বাইরে থেকে বহিরাগত লোক ঢুকিয়ে বাংলার ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা থেকে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন এবং মালদা জেলা থেকে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জন ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন জানিয়েছে, ২২,১৬৩ জনের ই-স্বাক্ষর বাকি থাকায় তাদের পরিসংখ্যান এখনও আসাম্পূর্ণ।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। তবে ট্রাইব্যুনালের মাধ্যমে নাম উঠলেও প্রথম দফার ভোটাররা এবার ভোট দিতে পারবেন না, কারণ সোমবারই প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার কথা। সোমবার সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিলেও, ১৩ তারিখ পরবর্তী শুনানি পর্যন্ত ঝুলে রইল লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য। আপাতত বাদ পড়া কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই ট্রাইব্যুনাল পর্যন্ত গড়াবে বলেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *