নির্বাচন কমিশনের সবুজ সংকেত, কাটল শশী পাঁজার ভোটার তালিকা বিভ্রাট

নির্বাচন কমিশনের সবুজ সংকেত, কাটল শশী পাঁজার ভোটার তালিকা বিভ্রাট

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে জটিলতা কাটল তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী শশী পাঁজার। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর থেকে জানানো হয়েছে, তাঁর ভোটার সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা রইল না তাঁর।

এর আগে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শশী পাঁজার নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল। এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য দেওয়া সত্ত্বেও শুনানিতে ডাক পাওয়ায় কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এমনকি প্রতিবাদস্বরূপ নিজের পাসপোর্ট দেখাতেও অস্বীকার করেছিলেন তিনবারের এই বিধায়ক ও মন্ত্রী।

আগামী শুক্রবার রাজ্যের ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। তার আগেই শশী পাঁজার ভোটার সমস্যার সমাধান হওয়ায় স্বস্তিতে শাসক শিবির। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের ভোটার ও জনপ্রতিনিধি হিসেবে তাঁর ভোটাধিকার নিয়ে তৈরি হওয়া দোলাচলের অবসান ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *