নির্বাচন কমিশনে নথিভুক্তির পথে হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’

তৃণমূল থেকে নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল ‘জনতা উন্নয়ন পার্টি’র নিবন্ধনের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সমস্ত নথিপত্র যাচাই শেষে দলটির রেজিস্ট্রেশনের জন্য ভারতের নির্বাচন কমিশনে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই কমিশন এই আবেদন মঞ্জুর করতে পারে বলে জানা গেছে।
গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় নিজের নতুন দলের নাম ও ইস্তাহার ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। আসন্ন নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন দলের প্রতীকের জন্য হুমায়ুন কবীরের প্রথম পছন্দ ‘টেবিল’, তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে তার।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস ও তৃণমূলের বিকল্প হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চান হুমায়ুন। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যেই এই দল গঠিত হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীকের জন্য আবেদন করতে পারবেন। দলের পতাকায় হলুদ, সবুজ ও সাদা—এই তিন রঙের সংমিশ্রণ রাখা হয়েছে।