নির্বাচন কমিশনে নথিভুক্তির পথে হুমায়ুন কবীরের ‘জনতা উন্নয়ন পার্টি’

তৃণমূল থেকে নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র রেজিস্ট্রেশনের জন্য ভারতের নির্বাচন কমিশনে সুপারিশ পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সিইও দফতর এই পদক্ষেপ নিয়েছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যেই কমিশন এই আবেদন মঞ্জুর করতে পারে।
গত বছরের ডিসেম্বরে মুর্শিদাবাদের বেলডাঙায় নিজের নতুন দলের নাম ও ইস্তাহার ঘোষণা করেছিলেন ভরতপুরের এই বিধায়ক। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই দলীয় প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। হুমায়ুন কবীর জানিয়েছেন, তাঁর প্রথম পছন্দ ‘টেবিল’ প্রতীক, তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’-এর কথাও ভেবে রেখেছেন তিনি।
আগামী বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙা—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস ও তৃণমূলের বিকল্প হিসেবে সাধারণ মানুষের কাছে নিজের দলকে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। দলের পতাকায় হলুদ, সবুজ ও সাদা—এই তিনটি রঙ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।