নির্বাচন কমিশন কড়া: ২০২১-এর হিংসায় অভিযুক্ত পুলিশ কর্তাদের তালিকা তলব

২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ ও হিংসামুক্ত করতে তৎপর নির্বাচন কমিশন। মঙ্গলবার মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসে কমিশনের ফুলবেঞ্চ। বৈঠকে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সময় দায়িত্বপ্রাপ্ত ওসি এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের পূর্ণাঙ্গ তালিকা তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
গত রবিবার বাংলায় আসার পর থেকে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কমিশনার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনে কোনো প্রকার উসকানি বরদাস্ত করা হবে না। ২০২৪-এর লোকসভা ভোটের মতো ছাব্বিশের নির্বাচনকেও রক্তপাতহীন রাখাই কমিশনের মূল লক্ষ্য।
পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে, কোনো রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অশান্তিপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি প্রতিটি হিংসার ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার কড়া বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার।