নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার ডাক, অখিলেশের নিশানায় জ্ঞানেশ কুমারের ‘নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত’ সংস্থা

নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার ডাক, অখিলেশের নিশানায় জ্ঞানেশ কুমারের ‘নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত’ সংস্থা

ভারতের জাতীয় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার সরাসরি কমিশন ভেঙে দেওয়ার দাবি জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাতের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কমিশনকে ‘নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুর্ব্যবহার এবং পরবর্তীতে সমাজমাধ্যমে একটি রাজনৈতিক দলকে কমিশনের দেওয়া ‘হুমকি’ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে।

বুধবার সকালে ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের অপমান করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই কমিশনের পক্ষ থেকে সমাজমাধ্যমে তৃণমূলকে নিশানা করে কড়া ভাষায় পোস্ট করা হয়, যা রাজনৈতিক মহলের মতে কার্যত ‘মাস্তানি’র শামিল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অখিলেশ যাদব বলেন, নির্বাচন কমিশনকে পুরোপুরি বিলুপ্ত করা উচিত, তবেই গণতান্ত্রিক পরিবেশ স্বাভাবিক হবে। তিনি সাফ জানান, বর্তমান কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে।

অখিলেশের পাশাপাশি আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালও এই ইস্যুতে কমিশনের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন এই কমিশন পুরোপুরি বিজেপির নির্দেশ অনুযায়ী কাজ করছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের এহেন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বলে তিনি মন্তব্য করেন। তৃণমূলের পাল্টা জবাবে কমিশনের ‘মুখোশ’ খুলে দেওয়ার ডাক এবং বিরোধী শিবিরের এই ঐক্যবদ্ধ আক্রমণ আসন্ন দিনগুলিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় আইনি ও রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *