নির্বাচন দোরগোড়ায় শহরের ৬ স্থানে ইডির ম্যারাথন তল্লাশি, নিশানায় ‘সোনা পাপ্পু’

নির্বাচন দোরগোড়ায় শহরের ৬ স্থানে ইডির ম্যারাথন তল্লাশি, নিশানায় ‘সোনা পাপ্পু’

রাজ্যে আসন্ন নির্বাচনের প্রাক্কালে ফের তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল থেকে কলকাতার অন্তত ৬টি স্থানে একযোগে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এই অভিযানের মূল লক্ষ্য বালিগঞ্জ এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাসভবন। এছাড়া ‘সান এন্টারপ্রাইজ’ নামক একটি নির্মাণ সংস্থার দপ্তরেও হানা দিয়েছে ইডি। কর্তৃপক্ষের অভিযোগ, আবাসন ব্যবসায় বিপুল পরিমাণ কালো টাকা বিনিয়োগ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, কসবা ও বালিগঞ্জ এলাকায় সিন্ডিকেট রাজ নিয়ন্ত্রণ করেন এই সোনা পাপ্পু। বিভিন্ন নির্মাণ সংস্থা থেকে সংগৃহীত কোটি কোটি টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি গোলপার্কের কাকুলিয়া রোডে সংঘর্ষের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আর্থিক লেনদেনের এই চক্রের শিকড় সন্ধানেই আজকের ঝটিকা অভিযান।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে সকাল থেকেই নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় কারা যুক্ত এবং এই বিপুল অর্থের উৎস কী, তা জানার চেষ্টা চলছে। রাজনৈতিক মহলে এই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইডি সূত্রে খবর, তল্লাশিতে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *