নির্বাচন প্রস্তুতির মহড়া: তিন থানা পরিদর্শনে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি

আসন্ন নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর থানা পরিদর্শন করলেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্করপ্রসাদ বারুই। সঙ্গে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার। পরিদর্শনকালে ডিআইজি স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের ছয় দফা নির্দেশিকা কঠোরভাবে পালন করে ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর।
থানাগুলির ভৌগোলিক অবস্থান ও স্পর্শকাতর এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ডিআইজি। ভাঙড়সহ সংলগ্ন এলাকায় বেআইনি অস্ত্র, বোমা ও কার্তুজ উদ্ধারে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট চলাকালীন যেকোনো ধরনের হিংসা রুখতে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি, আন্তর্জাতিক জলসীমানা সংলগ্ন সুন্দরবন উপকূলবর্তী নদীপথে বোটের মাধ্যমে টহলদারিও বৃদ্ধি করা হয়েছে।
অন্যদিকে, কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা রবিবার দুপুরে ভাঙড়ে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। ভাঙড় ডিভিশনের সমস্ত থানার ওসি ও ডিসিদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি কমিশনের গাইডলাইন মেনে কঠোরভাবে ভোট পরিচালনার নির্দেশ দেন। রুট মার্চ ও টহলদারির মাধ্যমে সাধারণ ভোটারদের আস্থা ফেরাতে এবং কড়া হাতে শান্তি বজায় রাখতে প্রশাসন এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।