নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার কলকাতায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ১৩ সদস্যের এই টিমে কমিশনার সুখবীর সিং ও বিনীত জোশীসহ শীর্ষ আধিকারিকরা থাকছেন। কেরল সফর শেষ করে পৌঁছেই তাঁরা আগামী ৯ ও ১০ মার্চ দফায় দফায় প্রশাসনিক ও রাজনৈতিক বৈঠক করবেন।

সফরের মূল লক্ষ্য হলো নির্বাচনের ‘গ্রাউন্ড রিপোর্ট’ সংগ্রহ করা। প্রতিনিধি দলটি রাজ্যের মুখ্যসচিব, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা ও বুথ স্তরের প্রস্তুতি খতিয়ে দেখবে। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাঁদের বৈঠক করার কথা রয়েছে। ইভিএম-ভিভিপ্যাটের প্রাপ্যতা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হবে এই সফরে।

কমিশন সূত্রে খবর, মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট মার্চের মাঝামাঝি সময়েই ঘোষিত হতে পারে। সব ঠিক থাকলে এপ্রিল মাসে ভোটগ্রহণ এবং মে মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। কমিশনের এই সফরকে কেন্দ্র করে ইতিমদ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *