নির্বাচন বিধি ও প্রক্রিয়ায় সমন্বয়ের ডাক দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক

দীর্ঘ ২৭ বছরের ব্যবধানে রাজ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বিশেষ গোলটেবিল বৈঠকে বসল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গসহ ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের আবহে পঞ্চায়েত, পুরসভা এবং লোকসভা-বিধানসভা নির্বাচনের আইনের মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে জাতীয় স্বার্থে একটি কার্যকর আইনি কাঠামো এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরির বিষয়ে ঐকমত্য পোষণ করেন আধিকারিকরা। পশ্চিমবঙ্গ থেকে বৈঠকে যোগ দেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে রাজ্যের আধিকারিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কমিশন।
ভোট প্রক্রিয়াকে সুসংহত করতে রাজ্যগুলোর দেওয়া প্রস্তাব খতিয়ে দেখবেন আইন ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনা জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বয় বজায় রাখতে এখন থেকে প্রতি বছর রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে এই ধরনের বৈঠক আয়োজিত হবে।