নির্বাচন মিটলেই কি আকাশছোঁয়া হবে জ্বালানির দাম? ওয়াইসির দাবিতে তোলপাড় দেশ

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই ভারতে পেট্রোল-ডিজেলের ভবিষ্যৎ নিয়ে বড়সড় আশঙ্কার কথা শোনালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দীন ওয়াইসি। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সরাসরি দাবি করেন, দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গেলেই মোদী সরকার জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেটে টান দেবে।
ভারতের জ্বালানি নিরাপত্তার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াইসি জানান, দেশের প্রায় ৬০ শতাংশ অপরিশোধিত তেল এবং ৯০ শতাংশ গ্যাস আসে মধ্যপ্রাচ্য থেকে। আন্তর্জাতিক এই সংঘাতের আবহে প্রধানমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী কেন নীরব, সেই প্রশ্নও তোলেন তিনি। ওয়াইসির মতে, সরকার বর্তমানে শুধুমাত্র নির্বাচন নিয়েই ব্যস্ত, অথচ এলপিজি থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের ওপর এই সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে কৃষি ও শিল্পক্ষেত্রেও বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি সতর্ক করেন।
পাল্টা আশ্বাসের সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। সংসদে তিনি জানিয়েছেন, ভারত বর্তমানে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর জ্বালানির জন্য নির্ভরশীল নয়। বিকল্প শক্তি ও আমদানির উৎস পরিবর্তনের মাধ্যমে দেশের জ্বালানি ভাণ্ডার সুরক্ষিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ওয়াইসির এই হুঁশিয়ারি ঘিরে সাধারণ মানুষের মনে পেট্রোলের দাম বাড়ার আতঙ্ক দানা বাঁধছে।