নির্বাচন ২০২৬: ১৫৩ প্রার্থীর তালিকা প্রকাশ হুমায়ুন কবীরের দলের

রবিবার দুপুরে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বিধানসভা নির্বাচনের জন্য ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। জোট অধরা থাকলেও ১৮২টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। প্রার্থী তালিকায় রেজিনগর ও নওদা— এই দুই কেন্দ্র থেকে লড়বেন খোদ হুমায়ুন কবীর। হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে শহিদুল হক এবং ভবানীপুরে পুনম বেগমকে প্রার্থী করা হয়েছে।
তালিকায় একাধিক চমকপ্রদ নাম রয়েছে। রানিনগর কেন্দ্রে মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার এবং ভরতপুর আসনে পীরজাদা খোয়ায়েব আমিনের নাম ঘোষণা করা হয়েছে। তবে উত্তর দিনাজপুরের ইসলামপুরসহ বেশ কিছু আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের টিকিট না পাওয়া আব্দুল করিম চৌধুরীর মতো নেতাদের দলে টানতেই এই কৌশল নেওয়া হয়েছে।
বাকি প্রার্থীদের নাম আগামী ২৫ মার্চ কলকাতা থেকে ঘোষণা করা হবে। দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হবে ২৮ মার্চ। হুমায়ুন কবীর জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে তাদের ইস্তেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দলের চূড়ান্ত রণকৌশল ও জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটবে বলে মনে করা হচ্ছে।