নিশ্চিত মৃত্যুফাঁদ হরমুজ প্রণালী, পণ্যবাহী জাহাজে হামলায় প্রাণ হারালেন ২ ভারতীয় নাবিক

নিশ্চিত মৃত্যুফাঁদ হরমুজ প্রণালী, পণ্যবাহী জাহাজে হামলায় প্রাণ হারালেন ২ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালীতে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলায় দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। থাইল্যান্ডের পতাকাবাহী ‘ময়ুরী নারী’ নামক জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহীর খলিফা বন্দর থেকে গুজরাটের কান্দেলা বন্দরের দিকে আসছিল। অতিপ্রয়োজনীয় পণ্যবাহী এই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আচমকা আক্রমণের শিকার হয়।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মর্মান্তিক খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারত সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তিনি জানান, হামলায় দুই ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন এখনো নিখোঁজ। এছাড়া উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের আবহে আহত বেশ কয়েকজন ভারতীয়র চিকিৎসা চলছে বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। দুবাইয়ের একটি হাসপাতালেও এক আহত ভারতীয় চিকিৎসাধীন রয়েছেন, যার সঙ্গে ভারতীয় দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। এই ঘটনার ফলে চলমান ইরান যুদ্ধে মোট পাঁচজন ভারতীয়র মৃত্যু হলো।

থাইল্যান্ড রয়্যাল নেভির রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত জাহাজটি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। ওমান নেভির সহায়তায় ২৩ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

ইরান ও পশ্চিমী দেশগুলোর মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির কারণে বর্তমানে হরমুজ প্রণালী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের পক্ষ থেকে এই জলপথ দিয়ে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি এবং আমেরিকার পাল্টা হামলার হুমকির মাঝে এই দুর্ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের মোতায়েন করা মাইন বোঝাই নৌযানের আঘাতেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটিতে ভারতীয় পণ্য ও নাবিক থাকায় ভারতের জন্য এই ক্ষতি অত্যন্ত বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *