নিশ্চুপ ভারত! সাগরে ইরানি জাহাজ ডুবি নিয়ে সংসদে মুখ খুললেন জয়শঙ্কর

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধপোত ‘আইআরআইএস ডেনা’ মার্কিন হামলায় ডুবে যাওয়া নিয়ে উত্তাল সংসদ। সোমবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, মানবিকতার খাতিরে গত ১ মার্চ তিনটি ইরানি জাহাজকে ভারতে আশ্রয়ের অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমানে ‘আইআরআইএস লাওয়ান’ কোচি বন্দরে ভারতীয় নজরদারিতে রয়েছে এবং এর ক্রু সদস্যরা নিরাপদ আছেন। এই সহায়তার জন্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তবে জয়শঙ্করের বিবৃতিতে ‘আইআরআইএস ডেনা’ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য মেলেনি। বিপক্ষ দলগুলি অভিযোগ করেছে, ভারতের আমন্ত্রণে ‘মিলন ২০২৬’ মহড়ায় আসা এই অতিথি জাহাজটি মার্কিন হামলায় ধ্বংস হলেও সরকার নীরব। বিদেশমন্ত্রী জানান, বর্তমানে ইরানের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। পশ্চিম এশিয়ার সংকট ও ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে এবং জ্বালানি বাজারের অস্থিরতার ওপর কড়া নজর রাখা হচ্ছে।