নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা কোথায় গেল? অভিষেক-কল্যাণের চাপে মুখ খুললেন সিইও!

বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এবং অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলায় ধরনা মঞ্চ থেকে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ডামাডোল কাটাতে দিল্লি ও রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলেন।
বর্তমানে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রায় ৭০৫ জন বিচারপতি বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছেন। জানা গেছে, ইতিমধ্যে প্রায় সাড়ে ৮ লক্ষ ভোটারের নথিপত্র নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু সেই অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না, তা নিয়েই মূলত তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কমিশন এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে দ্বিমুখী নীতি অবলম্বন করছে।
পাল্টা জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আলোচনার স্তরে রয়েছে এবং নির্দিষ্ট পদ্ধতি মেনেই কাজ চলছে। তিনি জানান যে, সুপ্রিম কোর্টের নির্দেশে একটি রাজ্যস্তরের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেই নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপাতত কমিটির গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে কমিশন।