নীতি আয়োগের সূচকে দেশের সেরা ওড়িশা, আর্থিক স্বাস্থ্যে তলানিতে পশ্চিমবঙ্গ

নীতি আয়োগের সূচকে দেশের সেরা ওড়িশা, আর্থিক স্বাস্থ্যে তলানিতে পশ্চিমবঙ্গ

২০২৬ সালের ‘ফিসকাল হেলথ ইনডেক্স’ বা আর্থিক স্বাস্থ্য সূচকে বড়সড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ। নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, আর্থিক শৃঙ্খলা ও রাজস্ব ব্যবস্থাপনায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ওড়িশা এবং দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। বিপরীতে পাঞ্জাব ও কেরলের সাথে তালিকার একেবারে নীচের সারিতে ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গের। এই রিপোর্ট রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক পরিকাঠামোকেই তুলে ধরেছে।

বিশেষজ্ঞদের মতে, মূলত পাঁচটি বিষয়ের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে— রাজস্ব সংগ্রহের ক্ষমতা, খরচের গুণমান, আর্থিক শৃঙ্খলা, ঋণ ব্যবস্থাপনা এবং ঋণের স্থায়িত্ব। ওড়িশা ৭৩.১ স্কোর করে শীর্ষে থাকলেও, পশ্চিমবঙ্গ বিপুল ঋণের বোঝা ও অনুৎপাদনশীল ব্যয়ের কারণে পিছিয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক প্রকল্পগুলিতে মাত্রাতিরিক্ত খরচ এবং নতুন শিল্প বিনিয়োগের অভাব রাজ্যের নিজস্ব রাজস্ব বৃদ্ধিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

ভোটের মুখে এই রিপোর্ট রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। একদিকে রাজ্য সরকার কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুললেও, নীতি আয়োগের বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি এবং ঋণের সুদ মেটাতেই রাজ্যের আয়ের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে। ফলে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কাজে বিনিয়োগের পরিসর কমে আসায় প্রতিবেশী রাজ্যগুলোর তুলনায় বাংলার আর্থিক স্বাস্থ্য ক্রমশ দুর্বল হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *