নীতীশ কুমারের উত্তরসূরি কে? বিহারের রাজনীতিতে তুঙ্গে জল্পনা

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পদত্যাগ করে রাজ্যসভায় যেতে পারেন বলে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা শুরু হয়েছে। আজকালের মধ্যেই তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উচ্চকক্ষের জন্য মনোনয়ন পেশ করতে পারেন। দীর্ঘদিনের শরিক বিজেপির হাতেই তিনি বিহারের শাসনের ভার তুলে দেবেন বলে মনে করা হচ্ছে।
নীতীশের উত্তরসূরি হিসেবে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। এছাড়াও দিলীপ জয়সওয়াল ও সঞ্জীব চৌরাশিয়ার নাম প্রস্তাবিত তালিকায় আছে। পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাটনা সফরের কথা রয়েছে। নীতীশ কুমারের এই আকস্মিক সিদ্ধান্তে বিহারের ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে।
তৎপর্যপূর্ণভাবে, নীতীশ কুমার তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নিজের পুত্রকে বেছে নিতে পারেন বলে খবর, যাকে নতুন মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে দেখা যেতে পারে। দুই দশকেরও বেশি সময় ধরে বিজেপির সঙ্গে নীতীশের অম্ল-মধুর সম্পর্ক থাকলেও, এবার ‘বিহার মডেল’ অনুসরণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটছে এনডিএ জোট।