নেতানিয়াহুকে হত্যার হুঁশিয়ারি ইরানের, তুঙ্গে ইজরায়েল-ইরান সংঘাত

ইরানের হামলায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আভিভ। ইজরায়েলি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ রয়েছেন। তবে এই বার্তার পরেই ইরান সেনার রেভোলিউশনারি গার্ড কর্পস নতুন করে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নেতানিয়াহু জীবিত থাকলে তাঁকে খুঁজে বের করে হত্যা করা হবে। শিশুদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান।
সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিওর সত্যতা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়। ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের দাবি তুলে অনেকে তাঁর বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। দীর্ঘ ১৬ দিন ধরে চলা এই যুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানের বিপরীতে ইরানও পাল্টা হামলা জারি রেখেছে। বিশেষ করে ইজরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের ভয়াবহ হামলার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ। ওই হামলায় আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ইরান প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে কুয়েত, জর্ডন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইজরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। দুই দেশই এখন একে অপরের শীর্ষ নেতৃত্বকে খতম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।