নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহের ঝোড়ো ব্যাটিং, ১২৫ আসনে জয়ী হয়ে ইতিহাস গড়ল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি

দীর্ঘ ৬ দিনের রুদ্ধশ্বাস গণনা শেষে নেপালের সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্যের পথে কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর ২৭৫টি আসনের মধ্যে সরাসরি লড়া ১৬৫টি আসনের ১২৫টিতেই জয়ী হয়েছে তরুণ প্রজন্মের পছন্দের এই দল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরাসরি জয় ছাড়াও সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ১১০টি আসনের মধ্যে আরএসপি আরও প্রায় ৫২টি আসন পেতে পারে। ফলে সংসদে তাদের মোট আসন সংখ্যা ১৭৫-এর কাছাকাছি পৌঁছাতে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী, আরএসপি মোট ভোটের প্রায় ৪৮ শতাংশ বা ৫০ লাখ ৪৫ হাজার ২১৯টি ভোট পেয়েছে। অন্যদিকে নেপালি কংগ্রেস পেয়েছে ১৬.২ শতাংশ ভোট এবং প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল ১৩.৫ শতাংশ ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর দল নেপালি কমিউনিস্ট পার্টি পেয়েছে মাত্র ৭.৪ শতাংশ ভোট।
ব্যালট পেপারে ভোট হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কমিশন। তবে জয়ের এই ট্রেন্ড স্পষ্ট হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসপি চেয়ারম্যান রবি লামেছানে এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র শাহকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি জানান, নতুন সরকারের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশ পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করবে। নেপালের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে সরিয়ে নতুন প্রজন্মের এই উত্থানকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।