নেপালে জেন-জি বিপ্লব: বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বলেন্দ্র শাহ, অভিনন্দন মোদির

নেপালে জেন-জি বিপ্লব: বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বলেন্দ্র শাহ, অভিনন্দন মোদির

নেপালের সংসদীয় নির্বাচনে অভাবনীয় জয় হাসিল করল নবগঠিত রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। প্রাক্তন র‍্যাপার তথা তরুণ তুর্কি বলেন্দ্র শাহের নেতৃত্বে এই দল প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার পথে অগ্রসর হচ্ছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রথাগত দলগুলোকে সরিয়ে নেপালের সাধারণ মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম, ৩৫ বছর বয়সী বলেন্দ্রর ওপরেই আস্থা রেখেছেন। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে চলেছেন হিমালয় কন্যা নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী।

এই ঐতিহাসিক জয়ের পর সোমবার রাতে হবু প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং আরএসপি চেয়ারম্যান রবি লামিছানেকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী জানান, দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপাল আগামীতে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোদি আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টায় দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, গত বছর জেন-জি আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী অলির পদত্যাগের পর দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ৬৫টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও বিশ্লেষকদের চমকে দিয়ে আরএসপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যায়। জেন-জি প্রজন্মের প্রতিনিধি হিসেবে বলেন্দ্র শাহের এই উত্থান নেপালের রাজনীতিতে এক নতুন সূর্যোদয় হিসেবে দেখা হচ্ছে। ভারত-নেপাল মৈত্রীর বন্ধন সুদৃঢ় রাখতে এই নতুন নেতৃত্ব বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *