নৈনিতালে ট্যাক্সিচালকের লালসার শিকার দিল্লির তরুণী, প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে আশ্রয়

নৈনিতালে ট্যাক্সিচালকের লালসার শিকার দিল্লির তরুণী, প্রাণ বাঁচাতে রাতভর জঙ্গলে আশ্রয়

উত্তরাখণ্ডের নৈনিতালে ভ্রমণ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন দিল্লির ৩১ বছর বয়সী এক তরুণী। গত বৃহস্পতিবার দেরাদুন থেকে কাঠগোদাম হয়ে নৈনিতালে যাওয়ার পথে এক ট্যাক্সিচালক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। পাটওয়া ডাঙ্গার নির্জন এলাকায় গাড়ি থামিয়ে চালক তরুণীকে মারধর করেন এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে শ্লীলতাহানি শুরু করলে, আত্মরক্ষার্থে তিনি গভীর জঙ্গলে পালিয়ে গিয়ে রাতভর লুকিয়ে থাকেন।

শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণচেষ্টা, অপহরণ ও ছিনতাইয়ের মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত ৩৯ বছর বয়সী ট্যাক্সিচালক দীপক সিং বরাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার এবং ব্যবহৃত ট্যাক্সিটি বাজেয়াপ্ত করা হয়েছে।

নৈনিতালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মঞ্জুনাথ টি সি জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ধৃতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, ট্যাক্সি চালকদের পরিচয় যাচাই না করে গাড়ি ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। বর্তমানে নির্যাতিতা তরুণী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *