ন্যূনতম ব্যালেন্স না রাখায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৮ হাজার কোটি টাকা জরিমানা আদায়

ন্যূনতম ব্যালেন্স না রাখায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৮ হাজার কোটি টাকা জরিমানা আদায়

বিগত তিন আর্থিক বছরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখায় গ্রাহকদের কাছ থেকে মোট ৮০৯২.৮৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এই সংগৃহীত অর্থ ব্যাঙ্কগুলির মোট আয়ের মাত্র ০.২৩ শতাংশ, যা মূলত ব্যাঙ্কিং পরিষেবা পরিচালনার খরচ মেটাতে ব্যবহৃত হয়। তবে সরকার এই জরিমানা মওকুফের জন্য কোনও সাধারণ নির্দেশিকা জারি করেনি, বরং অনেক ব্যাঙ্ক স্বেচ্ছায় এই চার্জ সংশোধন বা মওকুফ করেছে।

বর্তমানে প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং বেসিক সেভিংস অ্যাকাউন্টসহ দেশের প্রায় ৭২ কোটি অ্যাকাউন্টকে এই জরিমানার আওতামুক্ত রাখা হয়েছে। ২০২০ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম এই জরিমানা মওকুফ করে এবং ২০২৫ সালের মধ্যে আরও নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একই পথে হেঁটেছে। বাকি দুটি ব্যাঙ্কও তাদের জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে বলে অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশ অনুযায়ী, কোনও অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স কমে গেলে গ্রাহককে এসএমএস, ইমেল বা চিঠির মাধ্যমে বাধ্যতামূলকভাবে সতর্ক করতে হবে। ব্যালেন্স পুনরুদ্ধারের জন্য গ্রাহককে একটি নির্দিষ্ট সময় দিতে হবে এবং সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই কেবল জরিমানা আরোপ করা যাবে। ব্যাঙ্কগুলির মূল লক্ষ্য জরিমানা আদায় করে মুনাফা অর্জন করা নয়, বরং গ্রাহক-বান্ধব পরিষেবা নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *