পকেটে টান পড়ার সংকেত নাকি বিশ্ববাজারের অস্থিরতা! ডলারের বিপরীতে রেকর্ড পতন ভারতীয় মুদ্রার

শুক্রবার লেনদেনের শেষে সর্বকালীন রেকর্ড তলানিতে গিয়ে ঠেকল ভারতীয় মুদ্রা। ডলারের তুলনায় টাকার দাম হু হু করে কমে ৯৩.৭১ পয়সায় পৌঁছে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক— এই ত্রিমুখী চাপেই ধরাশায়ী হয়েছে রুপি।
এদিন বাজার খোলার পর থেকেই টাকার মান কমতে শুরু করে। প্রথমবারের মতো ডলার পিছু টাকার দাম ৯৩-এর গণ্ডি পেরিয়ে যায়। বাজার বিশেষজ্ঞদের মতে, অশোধিত তেলের দাম বাড়লে ভারতের আমদানি খরচ কয়েক গুণ বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এলকেপি সিকিউরিটিজের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে টাকার মান শীঘ্রই ৯৪.২৫ পর্যন্ত নেমে যেতে পারে।
ভয় ধরাচ্ছে অ্যাম্বিট ক্যাপিটালের রিপোর্টও। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেল প্রতি ৯০ থেকে ১১০ ডলারের মধ্যে ঘোরাফেরা করে, তবে আগামী এক বছরে ভারতীয় মুদ্রার দাম ৯৮ টাকা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। যদিও এদিন শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী ছিল, তবুও মুদ্রাস্ফীতির আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন অর্থনীতিবিদরা। আমদানিকৃত পণ্যের দাম বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজারে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার সম্ভাবনা প্রবল।