পকেট কাটবে রেলের ভাড়া? সংসদীয় কমিটির নয়া সুপারিশে চিন্তায় আমজনতা

রেলে যাতায়াতের খরচ কি এবার আরও বাড়তে চলেছে? সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষের আয়-ব্যয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে। রিপোর্টে দেখা গেছে, ভারতীয় রেলের ১০০ টাকা উপার্জনের বিপরীতে খরচ হচ্ছে ৯৮ টাকার বেশি। এই বিশাল রাজস্ব ঘাটতি সামাল দিতে রেলকে ‘ফেয়ার ম্যানেজমেন্ট’ বা ভাড়া ব্যবস্থাপনায় সংস্কারের পরামর্শ দিয়েছে কমিটি। ফলে যাত্রীভাড়া বৃদ্ধির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
আর্থিক ভারসাম্য ফেরাতে প্রিমিয়াম ট্রেন পরিষেবা বৃদ্ধি এবং বিকল্প আয়ের উৎস খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে রেল যাত্রীদের প্রায় ৪৫ শতাংশ ভর্তুকি দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করছে। তবে এই পরিষেবা বজায় রেখে পরিকাঠামো উন্নয়নের স্বার্থে ভাড়া পুনর্বিন্যাস জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়বে, এখন সেটাই দেখার বিষয়।