পক্ষাঘাতকে জয় করতে বিশ্বে প্রথম ব্রেইন চিপের বাণিজ্যিক অনুমোদন দিল চীন

পক্ষাঘাতকে জয় করতে বিশ্বে প্রথম ব্রেইন চিপের বাণিজ্যিক অনুমোদন দিল চীন

পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিকিৎসায় এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে ‘ব্রেইন চিপ’ ব্যবহারের অনুমোদন দিল চীন। ইলন মাস্কের নিউরালিংককে কড়া টক্কর দিয়ে চীনা সংস্থা ‘বোরুই কাং মেডিকেল টেকনোলজি’ এই অসাধ্য সাধন করেছে। এই বিশেষ চিপটি মূলত একটি ‘ব্রেইন কম্পিউটার ইন্টারফেস’ বা বিসিআই সিস্টেম, যা সরাসরি মস্তিষ্কে স্থাপন করা হবে। এটি মস্তিষ্ক থেকে সংকেত গ্রহণ করে একটি স্মার্ট গ্লাভসের মাধ্যমে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের হাতের কর্মক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম। অত্যাধুনিক ও নিরাপদ ইমপ্লান্টেশন পদ্ধতির কারণে এই প্রযুক্তিতে অস্ত্রোপচারের ঝুঁকিও তুলনামূলক অনেক কম।

চীনা ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশিকা অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী রোগীরাই আপাতত এই সুবিধা পাবেন। তবে শর্ত হলো, মেরুদণ্ডের আঘাত অন্তত এক বছরের পুরনো হতে হবে এবং গত ছয় মাস শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা জরুরি। বেইজিং এই বিসিআই প্রযুক্তিকে ‘ভবিষ্যতের শিল্প’ হিসেবে ঘোষণা করেছে এবং আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এটি সাধারণ মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এই চিপ ব্যবহারের ফলে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের হাত মুঠো করার সক্ষমতা এবং জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *