পণের লোভে বধূর মুখে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা করে শ্রীঘরে স্বামী ও শ্বশুর-শাশুড়ি

পণের লোভে বধূর মুখে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা করে শ্রীঘরে স্বামী ও শ্বশুর-শাশুড়ি

বিয়ের মাত্র এক বছর পেরোতেই পণের লালসায় বধূকে নৃশংসভাবে খুনের চেষ্টার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার শাসনে। গৃহবধূ নাসরিন খাতুনকে মারধরের পর জোরপূর্বক মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী আলমগির হোসেন, শ্বশুর আক্কাস আলি ও শাশুড়ি আম্বিয়া বিবিকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে স্বামী ও শাশুড়িকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এবং শ্বশুরের জেল হেফাজত হয়েছে।

শাসন থানার ভাগ্যবন্তপুর এলাকার বাসিন্দা আলমগিরের সঙ্গে বছরখানেক আগে বিয়ে হয়েছিল নাসরিনের। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। সোমবার বিকেলে অত্যাচারের মাত্রা চরমে পৌঁছায়। নাসরিনের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে মারধর করার পর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বারাসাত হাসপাতাল ও পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর বাবা রসুল আলি অভিযোগ করে বলেন, “শ্বশুরবাড়ি থেকে আমাদের ফোন করে আত্মহত্যার চেষ্টার গল্প বলা হয়েছিল। কিন্তু আমরা গিয়ে দেখি পণের জন্য আমার মেয়েকে ওরা খুনের চেষ্টা করেছে।” ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ। এই নৃশংস ঘটনার নেপথ্যে পরিবারের অন্য কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *