পণ্য পরিবহণে নয়া মাইলফলক: কলকাতা ও হলদিয়া বন্দরের রেকর্ড সাফল্য
March 5, 20268:03 am

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অধীনস্থ কলকাতা ও হলদিয়া বন্দর পণ্য পরিবহণে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ৬৪.০২৬ মিলিয়ন টন পণ্য পরিবহণ করে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই দুই বন্দর। পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা বন্দরে পণ্য পরিবহণের হার ১৩.৪৮ শতাংশ এবং হলদিয়া বন্দরে ১০.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সামুদ্রিক বাণিজ্যে এক ইতিবাচক সংকেত।
বিশেষত কন্টেনার পরিবহণের ক্ষেত্রে উভয় বন্দরই তাদের পূর্বতন সাফল্যের সীমা অতিক্রম করেছে। অর্থবর্ষের বাকি সময়ে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। মার্চ মাস শেষ হওয়ার আগেই পরিবহণের এই রেকর্ড পরিমাণ বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক ও বাণিজ্যিক মানচিত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের গুরুত্বকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।