পদ্মাপারে আইপিএল সম্প্রচার নিয়ে চরম নাটক, ২৪ ঘণ্টা যেতেই ভোলবদল বাংলাদেশের

পদ্মাপারে আইপিএল দেখা নিয়ে ধোঁয়াশা কাটল না। ২৪ ঘণ্টা আগেই বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দিন জানিয়েছিলেন আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই, তবে নাটকীয় মোড় নিয়ে এবার নিজেদের অবস্থান থেকে সরে এল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আইপিএল সম্প্রচার ও বিজ্ঞাপনের ওপর পূর্বতন সরকারের দেওয়া নিষেধাজ্ঞা এখনই উঠছে না। ক্রীড়া মন্ত্রকের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়ে চিঠি পাঠানো হয়েছে, সেখান থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত আইপিএল নিষিদ্ধই থাকছে বাংলাদেশে।
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সংক্রান্ত সব ধরনের প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। যদিও বর্তমান প্রশাসনের মন্ত্রীরা খেলাধুলা নিয়ে রাজনীতি না করার এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছিলেন, তবুও আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলেই রইল আইপিএল ভাগ্য।