পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পালালো স্বামী

পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পালালো স্বামী

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মাকাল পাড়া এলাকায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বীথিকা শাসমল (৩৩)। অফিসের সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা ও পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রী বীথিকাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে স্বামী বাপন শাসমলের বিরুদ্ধে। অভিযুক্তকে নিউ টাউন এলাকা থেকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পনেরো আগে সন্দেশখালির বাসিন্দা বাপনের সঙ্গে গোসাবার বীথিকার বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বীথিকা একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ শুরু করার পর থেকেই দম্পতির মধ্যে কলহ শুরু হয়। কাজের সূত্রে বীথিকা সহকর্মীদের সঙ্গে মেলামেশা বা অফিসের অনুষ্ঠানে যোগ দিতে চাইলে তাতে বাধা দিত বাপন। স্বামীর সন্দেহ ছিল, বীথিকা কোনও সহকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। এই অশান্তি চরমে পৌঁছালে বীথিকা মেয়েকে নিয়ে বাসন্তীতে দিদির বাড়িতে চলে আসেন এবং স্বামীর সঙ্গে আর না থাকার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার রাতে বাসন্তীর ওই বাড়িতেই পৌঁছায় বাপন। অভিযোগ, গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিলেন, তখন ধারালো অস্ত্র দিয়ে বীথিকাকে কুপিয়ে খুন করে সে বাইক নিয়ে চম্পট দেয়। দম্পতির মেয়ে জানিয়েছে, তার বাবা মদ্যপ অবস্থায় প্রায়ই মায়ের ওপর অত্যাচার করত এবং অফিসে যেতে বাধা দিত। বিবাহবিচ্ছেদে রাজি না হওয়ায় আক্রোশবশত এই খুন বলে প্রাথমিক অনুমান। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *